শিরোনাম

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর এনআইডির (জাতীয় পরিচয়পত্র) ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।

২০২১ সালের জুন মাসে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের জুন মাসে তার মেয়াদ শেষ হয়।

/এসবি/