শিরোনাম

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

র‌্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রী ফাতেহা পারভীন লুনা-এর ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে দেখা গেছে, হারুন অর রশীদ ও ফাতেহা পারভীন লুনা দম্পতির সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব মিলিয়ে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

এর আগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান। অনুসন্ধানে দেখা গেছে, হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ থাকলেও এর উপার্জনের সন্তোষজনক উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এই অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাই তাদের সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

/জেএইচ/