শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ৩ ‘স্বর্ণের ডিম’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ৩ ‘স্বর্ণের ডিম’
জব্দকৃত স্বর্ণের পেস্ট ভরা ডিম্বাকৃতি তিনটি প্যাকেট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার পেস্ট ভরা তিনটি ডিম্বাকৃতি প্যাকেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এনবিআর জানায়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার (ফ্লাইট নম্বর G9 518) একটি ফ্লাইটের যাত্রী আরমান উদ্দিন সিদ্দিক ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহজনক হিসেবে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা প্রতিটি সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি বিশুদ্ধ সোনা পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

/এফআর/