শিরোনাম

আরও ৩ মামলায় জামিন, মমতাজের মুক্তিতে বাধা কী

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
আরও ৩ মামলায় জামিন, মমতাজের মুক্তিতে বাধা কী
মমতাজ বেগম

জুলাই আন্দোলনে দুইটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী মোসাম্মৎ খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

তবে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না।

আইনজীবী খাইরুন্নেসা জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। যে তিন মামলায় জামিন হয়েছে, তার মধ্যে দুটি মানিকগঞ্জের, অন্যটি কোতোয়ালি থানার।

এর আগে গত ১৫ জুন তিনটি পৃথক মামলায় মমতাজকে জামিন দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সেই হিসাবে তার মুক্তির জন্য আরও একটি মামলায় জামিন পেতে হবে।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

/এফসি/