শিরোনাম

জুলাইয়ের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের কাছে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আদেশে ট্রাইব্যুনাল বলেন, আগের আদেশের ভিত্তিতে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো। এছাড়া মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করতে ২১ জুলাই আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সে অনুযায়ী সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলাটি করেছেন চিফ প্রসিকিউটর। মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেনকে ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

/বিবি/