আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর আদেশ

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর আদেশ
আদালত থেকে কড়া নিরাপত্তায় আখতারুজ্জামানকে কারাগারে নেওয়া হয়

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। অপরদিকে আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।

/এফসি/