শাপলা চত্বর ট্র্যাজেডি: মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বর ট্র্যাজেডি: মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়েছে। শুনানির জন্য আগামী ১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তবে ৩০ জনই পলাতক।

এদিন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবিরসহ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় ট্রাইব্যুনালে সময় চান আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

প্রসিকিউশন জানায়, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ের শুনানির নির্ধারিত দিন ছিল। কিন্তু আসামিপক্ষ থেকে সময় চাওয়া হয়। এতে প্রসিকিউশনের আপত্তি না থাকায় শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির ছাড়াও আজ ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

মামলার পলাতক ৩০ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

পলাতকদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লে. জেনারেল মজিবুর রহমান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে, গত ২৭ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের তদন্তে এ ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ গঠন হলে মামলার সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শুরু হবে।

/এফআর/