শিরোনাম

সুন্দরবন রক্ষায় সাতক্ষীরায় পরিবেশকর্মীদের পদযাত্রা

সাতক্ষীরা সংবাদদাতা
সুন্দরবন রক্ষায় সাতক্ষীরায় পরিবেশকর্মীদের পদযাত্রা
পদযাত্রা। ছবি: সংবাদদাতা

‘নীরব বন, নীরব আমরা নই’- এই স্লোগানে সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) আয়োজনে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে পদযাত্রায় অংশ নেন। এসময় তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সুন্দরবন থেকে জলদস্যুদের নির্মূলের আহ্বানও জানান।

ভিবিডির সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও মেলেনি। দ্রুত এই দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে ও সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন বিপন্ন হবে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কঠোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষা মানেই দেশের পরিবেশ, উপকূলীয় মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

/এসআর/