শিরোনাম

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন

রাঙ্গামাটি সংবাদদাতা
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: সিটিজেন গ্রাফিক্স

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তবে সরকারের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার এই পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। বিক্ষোভকারীদের দাবি, চাপ প্রয়োগের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দীপেন দেওয়ান।

এর আগে সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

পদত্যাগপত্রে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এজন্য মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কাজে গতি বজায় রাখতে বর্তমান পদে থাকা সমীচীন হবে না বলে মনে করছেন তিনি। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী করা হয়। তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে স্থানীয় বিএনপির মাঝে চলছে নানা গুঞ্জন-আলোচনা। অনেকেই দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বলে জানিয়েছেন। তাদের ধারণা মন্ত্রণালয় পরিচালনা, রাঙামাটির রাজনীতির নিয়ন্ত্রণ এবং পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে প্রশাসক নিয়োগপ্রক্রিয়ার জেরে দীপেন দেওয়ান পদত্যাগ করতে পারেন।

অন্যদিকে দলীয় মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করছেন অনেক নেতা-কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে দীপেন দেওয়ানের অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের অনুসারীদের মতপার্থক্য ছিল। সম্প্রতি বিভিন্ন কারণে এটা আরও বৃদ্ধি পেয়েছে।

তবে দলীয় বিরোধের বিষয়টি ঠিক নয় বলে দাবি করেন দীপন তালুকদার। সেইসঙ্গে তার পদত্যাগের কারণ জানেন না বলেও মন্তব্য করেন দীপন।

অন্যদিকে দীপেন দেওয়ানের পদত্যাগ বিএনপির রাজনীতি ও পাহাড়ের রাজনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম। অসুস্থতার কারণে মন্ত্রী পদত্যাগ করেছেন এই দাবি সঠিক নয় বলেও জানান তিনি। সাইফুল ইসলাম বলেন, বিএনপির কিছু নেতা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চাইছে। তিনি যথাযথ ব্যবস্থা নিয়ে দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ফেরত দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় একাধিক নেতা অসুস্থতার কারণে দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন এই তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন। তাদের দাবি ৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা লালন-পালন করছিল, তাদের চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন।

/জেএইচ/