সাজেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
সাজেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
(বাঁ থেকে) সড়কে অবরোধ চলাকালে আন্দোলনকারীরা এবং সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকেও একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি চলছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্র জানায়, তিন দফা দাবি পূরণ না হওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’। এর প্রেক্ষিতে সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন।

তবে সকাল ১১টার দিকে সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সড়কের ব্যারিকেড সরানোর উদ্যোগ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আন্দোলনকারীদের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এর আগে, আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের পর নিরাপত্তার কারণ উল্লেখ করে সাজেক বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই বিজ্ঞপ্তিতে আজ বিকাল চারটার মধ্যে সবাইকে নিরাপদে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ নির্দেশনা মেনে আজ সকালে সাজেক ছাড়ছিলেন পর্যটকেরা। তবে সাজেক থেকে বের হওয়ার আধা ঘণ্টার মধ্যেই বাঘাইছড়ির উজোবাজারে অবরোধকারীদের সামনে পড়েন তারা।

/এফআর/