শিরোনাম

আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

পাবনা সংবাদদাতা
আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা
দণ্ডপ্রাপ্ত জামায়াত কর্মী বরাত হোসেন। ছবি: সংবাদদাতা

পাবনা-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন নামে এক জামায়াত প্রার্থীর কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ রায় দেন।

বরাত হোসেন চর ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন এদিন সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন।

প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নির্ধারিত সময়ের পর প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

/এসআর/