শিরোনাম

স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে দগ্ধ ৩ জনের মৃত্যু
অভিযুক্ত নাঈমের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্বর্বর্তী নতুনপাড়া গ্রামের শুকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকালে পাবনার ভাড়ারা এলাকার পদ্মা নদীতে ৯ম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তাকে দাফন করা হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত নাঈমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডের সময় অভিযুক্ত পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও উৎসুক জনতা।

ওসি তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজকে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই বাদি হয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ স্কুলছাত্রীর কথিত প্রেমিক নাঈমসহ তিনজনকে গ্রেপ্তার করে। তারা ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ধর্ষণ ও হত্যায় অভিযুক্তরা হলেন, মৃত কাশেম প্রামানিকের ছেলে নাঈম প্রামানিক, শফিক শেখের ছেলে ইয়াছিন শেখ ও শিমুল প্রামানিকের ছেলে তুহিন প্রামানিক।

/এফসি/