শিরোনাম

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এমপিপুত্র রাসেল

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এমপিপুত্র রাসেল
মৃত মাকে শেষবারের মতো দেখতে নিজ বাড়িতে সাবেক এমপিপুত্র গোলাম হাসনায়েন রাসেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র।

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার নিজ বাড়িতে যান রাসেল। এ সময় সেখানে আগে থেকে বাড়িতে দলীয় নেতা-কর্মী সমর্থক স্বজন এলাকাবাসী ভিড় জমায়। গাড়ি থেকে নামার পর বাড়ির উঠানে ফ্রিজআপ গাড়িতে রাখা মায়ের মুখ শেষবারের মতো দেখেন রাসেল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী-সন্তান ও স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকে তাকে ধরে কান্নায় ভেঙে পড়েন।

সেখান থেকে আবার পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা নামাজ স্থলে পৌঁছান তিনি। জানাজা নামাজের মাঠে হাজির হয়ে রাসেল সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন, আমার মা প্রকৃতপক্ষে একজন গৃহিণী ছিলেন। মা আজ পৃথিবীতে নেই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে মায়ের জন্য দোয়া চাই।

জানাজা নামাজ শেষে ভাঙ্গুরা কবরস্থানে যান এমপিপুত্র রাসেল। সেখানে মায়ের কবরে মাটি দিয়ে দোয়ায় অংশ নেন। শেষে পুলিশের গাড়িতে তিনি কারাগারে ফিরে যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা ও পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রী নুরজাহান রেখা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

/এসআর/