শিরোনাম

ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশ সদস্য

পাবনা সংবাদদাতা
ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশ সদস্য
ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে থাকা অবস্থায় পড়ে যান পুলিশ সদস্য সোহেল রানা। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা নামে রেলওয়ে পুলিশের এক সদস্য।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্য সোহেল দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংজনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা স্টেশনে নেমে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে তিনি ট্রেনে উঠতে পারেননি। পরে ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিমি আসার পর চাটমোহর স্টেশন ট্রেনটি অতিক্রম করার সময় পড়ে যান। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।

এতে সোহেল রানা শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে আহত পুলিশ সদস্য সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র নিয়ে যান।

চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেন যাওয়ার দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন। পড়ে তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিলে ভাইরাল হয়ে যায়।

চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর আর ব্যালান্স রাখতে পারেননি পুলিশ সদস্য সোহের রানা। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছেন।

/এসআর/