শিরোনাম

ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মেহেদী হাসান আকিব

পাবনার ঈশ্বরদী উপজেলায় মেহেদী হাসান আকিব নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা, কী কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আকিব আর বাড়িতে ফেরেননি। বুধবার ভোরে কে বা কারা আকিবকে আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে তার বাবা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে আকিবকে রাজশাহী নেওয়ার পথে লালপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

আকিবের বাবা আনিসুর রহমানের অভিযোগ, আকিবকে মারধর করা হয়ে থাকতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কী কারণে তাকে মারধর করেছে, সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, নিহতের শরীরে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে মারধর করার চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, তার মুত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

/এসআর/