শিরোনাম

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
নিহত আকাশ মিয়া

নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির গোয়াল ঘরে বসবাস করতেন নিহত আকাশ। গতকাল শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে সেখানেই ঘুমিয়েছিলেন তিনি। শনিবার ভোরে বাবা আতাউর রহমান তাকে সজাগ করতে ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান।

পরবর্তীতে সকাল ৭টার দিকে আকাশের ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা। এ সময় তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন এসে আকাশকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

আকাশের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে আকাশকে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

/এফআর/