শিরোনাম

প্রেমিককে কুপিয়ে জখমের জেরে প্রেমিকার বাড়িতে আগুন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
প্রেমিককে কুপিয়ে জখমের জেরে প্রেমিকার বাড়িতে আগুন
আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীতে প্রেমিকার পরিবারের হামলায় সাজ্জাত হোসেন (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়িসহ তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে প্রেমিকের স্বজনরা।

রবিবার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাজ্জাদ হোসেন খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাজ্জাদের সঙ্গে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের (১৭) প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি ফারজানা প্রেমিক সাজ্জাদের সঙ্গে পালিয়ে বিয়ে করে। তবে মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে না নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনে। রবিবার সকালে ফারজানা আবারও প্রেমিকের কাছে চলে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে ফারজানার ভাই, চাচাসহ কতিপয় লোকজন সাজ্জাদের এলাকায় গিয়ে একটি মসজিদের পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এই ঘটনায় সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পরিবারের লোকজন দ্রুত ঘর থেকে বেরিয়ে আত্মরক্ষা করে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও লোকজনের বাধায় তারা সময়মতো পৌঁছাতে পারেনি। এতে ঘরের আসবাবপত্রসহ পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেলেও স্থানীয় লোকজনের বাধায় অগ্নি নির্বাপণ কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, প্রেমঘটিত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত ও বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করে অপরাধীদের ধরতে কাজ করছে।

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/জেএইচ/