শিরোনাম

ময়লার স্তূপে পড়ে ছিলো ‘পুলিশ সোর্সের’ মরদেহ

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
ময়লার স্তূপে পড়ে ছিলো ‘পুলিশ সোর্সের’ মরদেহ
ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের সোর্স হয়ে কাজ করতেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি কামাল হোসেন।

নিহত দিগন্ত উপজেলার শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে দিগন্ত কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। রাতে অনেক খোঁজখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে আছে বলে জানতে পেরে সেখানে গিয়ে দিগন্তকে শনাক্ত করেন স্বজনরা।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন‍্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/