‘গুণী শিক্ষক-২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
‘গুণী শিক্ষক-২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা নেন মো. নাজিম উদ্দিন

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক-২০২৬’ সম্মাননা পেয়েছেন। দীর্ঘদিনের শিক্ষকতায় নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি সনদপত্র গ্রহণ করেন। সংবর্ধনায় ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ১০১ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার পর মো. নাজিম উদ্দিন মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, এই সম্মান তার একার নয়। তার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শুভানুধ্যায়ীদের। তাদের ভালোবাসা, সহযোগিতা এবং দোয়ার ফসল এই অর্জন।

তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষার সেবায় কাজ করে যেতে সবার দোয়া কামনা করেন।

এর আগে একাধিকবার গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন মো. নাজিম উদ্দিন। ২০২৫ সালে তিনি মনোহরদী উপজেলার গুণী শিক্ষক এবং ২০২৬ সালে নরসিংদী জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তবে জাতীয় পর্যায়ে এই সম্মাননা আলাদা মাত্রা যোগ করেছে।

তার এই সাফল্যে সহকর্মী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, নাজিম উদ্দিনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি খিদিরপুর ডিগ্রি কলেজ, মনোহরদী ও নরসিংদীর জন্যও গর্বের।

/জেএইচ/