শিরোনাম

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা

মুন্সীগঞ্জ সংবাদদাতা
পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা তুহিন প্রধানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধার নাম ওয়াহিদুজ্জামান নাঈমুল। তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক।

অভিযুক্ত তুহিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গজারিয়া উপজেলার সাবেক সহ-সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি দনিয়া কলেজ শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈমুলের বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে বিরোধকৃত জমি পরিমাপের জন্য তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার সময় তুহিন প্রধানসহ আরও ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন সুলতানা গণমাধ্যমকে বলেন, আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে। মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আহত বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈমুল বলেন, সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত তুহিন প্রধানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/