শিরোনাম

লক্ষ্মীপুরে ৫ টাকার দ্বন্দ্বে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুরে ৫ টাকার দ্বন্দ্বে ছোট ভাইকে পিটিয়ে হত্যা
নিহত আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের ৫ টাকার দ্বন্দ্বে প্রবাসফেরত আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তুচ্ছ লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তার স্বামী আলমগীর হোসেনকে মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমগীর হোসেনকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত ব্যক্তিরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত আলমগীর হোসেন দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন।

অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/