শিরোনাম

প্রেমিকাকে না পেয়ে বিষপান, ঠাঁই হাসপাতালের শয্যায়

কুষ্টিয়া সংবাদদাতা
প্রেমিকাকে না পেয়ে বিষপান, ঠাঁই হাসপাতালের শয্যায়

কুষ্টিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে এসে হাসপাতালে ঠাঁই হয়েছে বগুড়ার এক যুবকের। প্রেমিকাকে না পেয়ে তার বাড়ির পাশে একটি বাগানে বিষপান করেন ওই তরুণ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়া গ্রামে। ইলিয়াস সরদার নামের ওই তরুণ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে টিকটকে ভিডিও দেখে ওই তরুণ-তরুণীর মধ্যে ভালো লাগা তৈরি হয়। এরপর ফেসবুকে পরিচয়। কথোপকথনের একপর্যায়ে তাদের প্রেম হয়। গত সোমবার তরুণীর সঙ্গে দেখা ও বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন ওই তরুণ।

আসার পর মেয়ের পরিবার শর্ত জুড়ে দেয়, ছেলের বাবা-মাকে আসতে হবে। এরপর তরুণ তার পরিবারকে জানান। তবে পরিবার থেকে তাকে বকাঝকা করা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যার দিকে মেয়ের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন ওই তরুণ। দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ইলিয়াস সরদার বলেন, আমরা রাজি, কিন্তু আমার পরিবার থেকে কেউ আসেনি, তাই বিয়ে হয়নি। বাবা-মা আমাকে বকাবকি করায় আমি আত্মহত্যার চেষ্টা করেছি।

জানা গেছে, এ ঘটনার পর কোনো পরিবারের লোকজনই ওই তরুণের খোঁজ নিচ্ছেন না।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা বলেন, গত সোমবার রাতে ইলিয়াস নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

/এসআর/