শিরোনাম

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, বাড়ি ভাঙচুর

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, বাড়ি ভাঙচুর
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।

রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে একটি হাঁসুয়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুলের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাত ৮টার দিকে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হন। তাদের কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসআর/