শিরোনাম

খুলনায় কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন হাজতি

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন হাজতি
খুলনা জেলা কারাগার

খুলনার পুরোনো জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি নামের এক হাজতি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নগরের সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে ইমন খুলনা কারাগারে ছিলেন। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয়েছে।

ইমন নগরের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলার মোড় এলাকায় জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের সুপার আবু ছায়েম। তিনি বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ইমন কোনো কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। তাকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

/এসআর/