শিরোনাম

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে বিদেশফেরত নেতা নাসির

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে বিদেশফেরত নেতা নাসির
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটিতে বিদেশফেরত গাজীপুর জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লকে নেতৃত্ব দিতে দেখা গেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নাসির মোড়লকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।

ছড়িয়ে পড়া ৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে একটি মিছিল বের হয়। এতে ছাত্রলীগের প্রায় ১‌৫০ থেকে ২০০ নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিল শেষে বক্তব্য রাখছেন ছাত্রলীগ নেতা নাসির মোড়ল।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‌‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে– সেটা শেখ হাসিনার আইন। আর আমাকে মৃত্যুর ভয়, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। আমরা জয় বাংলার বিজয় ছিনিয়ে আনবো– ইনশাআল্লাহ। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি ইতোমধ্যে জেনেছি। তদন্তের স্বার্থে বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/