শিরোনাম

কুমিল্লার দুর্ঘটনায় যত অনুদান পাবে হতাহতদের পরিবার

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার দুর্ঘটনায় যত অনুদান পাবে হতাহতদের পরিবার
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সংগৃহীত

কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতদের জন্য অনুদান বরাদ্দ করেছে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। একই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। রবিবার (২২ মার্চ) দুপুরে এসব তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

জেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনাস্থল এলাকা পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিবে রেল কর্তৃপক্ষ এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে, যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের যেন সহায়তা করা হয়।

এসময় দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিরাপদ রেলগেটগুলোতে ওভারপাস বা আন্ডারপাস তৈরির পরিকল্পনা করছে সরকার। গাফিলতির অভিযোগে দুই গেইটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার একটি লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া,আরও ১৫ জন আহত হন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে জাঙ্গালিয়া-কচুয়া এলাকায় নিয়ে যায়।

/এসআর/