শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও মুন্সিগঞ্জের ভবেরচর অংশে অন্তত ৮ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এই যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে মহাসড়কের যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজার টোলবক্সে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এতে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং মহাসড়কে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে টোল নেওয়া শুরু হলেও কিছু সময়ে পরেই মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি মালবাহী গাড়ি বিকল হয়ে পড়ে। এতে কিছু যানবাহন উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক পুরোপুরি ব্লক হয়ে যায়। ফলে দাউদকান্দি ও ভবেরচর এলাকায় অন্তত ৮ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে সকাল ১১টার দিকে হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে বিকল গাড়িটি সরিয়ে নিলে যানচলাচল কিছুটা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে বলেন, ‘ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ তৎপরতায় বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

/এফআর/