শিরোনাম

বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

কুমিল্লা সংবাদদাতা
বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় জানা গেছে। গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় ৭ জন পুরুষ, দুইজন নারী ও ৩টি শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে।

নিহতরা হলেন– নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার একটি লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও বেশ-কয়েকজন আহত হন।

জানা গেছে, বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে উত্তর দিকে জাঙ্গালিয়া-কচুয়া এলাকায় নিয়ে যায়।

/এফসি/