শিরোনাম

কুমিল্লায় যাত্রীবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় যাত্রীবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন
দুর্ঘটনাকবলিত স্লিপার বাস

কুমিল্লার দাউদকান্দি এলাকায় রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার (১৭ আগস্ট) ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার রাতে রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বাসে ধাক্কা দেয় স্লিপার কোচটি। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের হয়ে দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসের সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি বলেন, এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

/এফআর/