শিরোনাম

কুমিল্লায় তিন মন্ত্রী: কায়কোবাদ-ইয়াছিন-সুমন

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় তিন মন্ত্রী: কায়কোবাদ-ইয়াছিন-সুমন
কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আমীন-উর-রশিদ ইয়াছিন ও জাকারিয়া তাহের সুমন। ছবি: সংবাদদাতা

বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কুমিল্লার তিন সংসদ সদস্য। তারা হলেন– কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাকারিয়া তাহের সুমন ও আমীন-উর-রশিদ ইয়াছিন।

কুমিল্লা-৬ (সদর) আসনের প্রার্থী (স্বতন্ত্র) হয়েও দলের নির্দেশে সরে দাঁড়ান হাজী আমীন-উর-রশিদ ইয়াছিন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়গুলো হচ্ছে– কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়।

পাশাপাশি গুঞ্জন রয়েছে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ১ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ৭৩ হাজার ৩৩৯ ভোট।

তিন মন্ত্রী পাওয়ায় কুমিল্লার সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। ইতোমধ্যে অভিবাদন ও শুভেচ্ছা পোস্টারে সয়লাব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল আশির দশকে। তিনি এখন পর্যন্ত মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাকারিয়া তাহের সুমন পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাালয়ের মন্ত্রিত্ব। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে ১ লাখ ৬৯ হাজার ১শ ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

জাকারিয়া তাহের সুমন একজন ব্যবসায়ী। তার পিতা একেএম আবু তাহেরও ছিলেন একজন শিল্পপতি, ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।

আমীন-উর-রশিদ ইয়াছিন একজন শিল্প উদ্যোক্তা। ব্যবসায়িক ক্ষেত্রে তার সততা ও অবদানের জন্য ১৩ বার সিআইপি মর্যাদা লাভ করেছেন। এছাড়া তিনি ৪ বার শ্রেষ্ঠ করদাতা হিসেবে জাতীয় সম্মাননা এবং ১২ বার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ ও রৌপ্য) অর্জন করেছেন।

/এসআর/