শিরোনাম

নিজ গ্রামে পৌঁছেছে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজ গ্রামে পৌঁছেছে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ
মরদেহবাহী অ্যাম্বুলেন্স

সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ তাদের নিজ গ্রামে পৌছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এসব মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে পৌছায়। শুক্রবার (২৮ আগস্ট) নওগাঁয় একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

নিহতদের মরদেহ গ্রহণ করতে দুপুর থেকেই বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেট এলাকায় অপেক্ষায় ছিলেন স্বজনরা। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনের লাশ বুঝে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১৬ বাংলাদেশি। পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।

শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন- উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন।

/এসবি/