শিরোনাম

চালকের অদক্ষতার কারণেই সড়কে বেশিরভাগ দুর্ঘটনা: সেতুমন্ত্রী

রাজবাড়ী সংবাদদাতা
চালকের অদক্ষতার কারণেই সড়কে বেশিরভাগ দুর্ঘটনা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই দেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ।

রবিবার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেওয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় অন্যান্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৬২ জনের মধ্যে দুই কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

/এসআর/