শিরোনাম

জ্বরের শিশুকে কুকুরের ভ্যাকসিন, মেডিকেল সহকারীকে শোকজ

চাঁদপুর সংবাদদাতা
জ্বরের শিশুকে কুকুরের ভ্যাকসিন, মেডিকেল সহকারীকে শোকজ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জ্বরের রোগীকে কুকুরের কামড়ের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মেডিকেল সহকারীর বিরুদ্ধে। পরে ওই চিকিৎসা সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু আলিফার বাবা এমরান হোসেন অভিযোগ করে বলেন, জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ চিকিৎসকের ‘ব্যবস্থাপত্র না দেখেই’ জ্বরে আক্রান্ত আলিফাকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রোগীর অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে জরুরি বিভাগে বাকবিতণ্ডা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসেন। ভুল করে জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা হয়নি। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হয়েছে।

/এসআর/