শিরোনাম

সিএনজি অটোরিকশায় গ্যাসের দাবিতে চালকদের সড়ক অবরোধ

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর সংবাদদাতা
সিএনজি অটোরিকশায় গ্যাসের দাবিতে চালকদের সড়ক অবরোধ
চাঁদপুরে সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকরা

চাঁদপুরে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে যানবাহন চলাচল ও জনজীবন। গ্যাসের জন্য সিএনজিচালিত অটোরিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ির চালকদের দীর্ঘ সময় ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েন চালকরা।

দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ এইচবি ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ চালকরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

চালকরা জানান, গ্যাসের জন্য অনেককে সারা রাত জেগে ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে এবং আয়ও কমছে।

হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান বলেন, চালকরা বিক্ষোভ করেছিলো। তবে আমরা যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। এখন ওই পাম্পে গ্যাস দেওয়া হচ্ছে।

চাঁদপুর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মীর ফজলে রাব্বি বলেন, এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ কমেছে। এর প্রভাবে চাঁদপুরে স্বল্পচাপ বিরাজ করছে। সরবরাহ স্বাভাবিক হলে চাঁদপুরেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

/এসআর/