শিরোনাম

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চাঁদপুর সংবাদদাতা
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গেটের সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ঘিরে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মেহেদী হাসান রনি নামে এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্র জানায়, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ গেট এলাকায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি আহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য এম. এ. হান্নান বলেন, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হবে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। এ সময় সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

/এসআর/