শিরোনাম

খাল খনন প্রকল্প কোনো প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খাল খনন প্রকল্প কোনো প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

খাল খনন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না ও খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনর্খনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খালের পানি যাতে কৃষি জমিতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীদের। স্থানীয় জনগণকে খালের পানিপ্রবাহ ঠিকভাবে আছে কিনা, তা তদারকির আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সরকারি কাজ আপনাদের উপকারে আসলো কিনা, তা জানাবেন। আর যদি উপকারে না আসে, তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।’

এ সময় জনগণের আস্থা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার পরিণতি কী হয়— তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই। কোনো দ্বৈত চরিত্রও নেই। আমরা একই কথা বলি, একই চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।’

/বিবি/