শিরোনাম

বরিশাল শহরে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ

বরিশাল সংবাদদাতা
বরিশাল শহরে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ
প্রতীকী ছবি

ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। আগামী ১০ এপ্রিলের মধ্যে সব অবৈধ দোকান ও স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে এক বিশেষ নোটিশের মাধ্যমে এই আল্টিমেটাম দেয় নগর কর্তৃপক্ষ।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করে, তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন গণমাধ্যমকে বলেন, ‘নগরীর অধিকাংশ ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা না সরালে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে।’

এদিকে, নগরবাসীর বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি, অভিযোগ কিংবা পরামর্শ সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হলো– ‘০১৬১৬-১৬৪৬৯৬’, ‘০১৭৩০-৪৪১৩৩৫’। এসব নম্বরে ছবি ও ভিডিওসহ তথ্য পাঠিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

/এফআর/