শিরোনাম

বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ীদের ‘আপন ঠিকানা মার্কেট’ উদ্বোধন

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ীদের ‘আপন ঠিকানা মার্কেট’ উদ্বোধন
ফিতা কেটে ‘আপন ঠিকানা মার্কেট’ উদ্বোধন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন

বরিশাল নগরীর হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আপন ঠিকানা মার্কেট’ উদ্বোধন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মার্কেটটি উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলরবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরীর হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্থায়ী ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, ফুটপাতনির্ভর ব্যবসায়ীরা পুনর্বাসনের মাধ্যমে সম্মানজনকভাবে ব্যবসা পরিচালনা করুক এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলাও বজায় থাকুক।

উদ্বোধনের পর প্রশাসক মার্কেট দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ব্যবসায়ী রিয়াজুল বলেন, ফুটপাতে ব্যবসা করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হতো। এখন একটি নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার সুযোগ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মার্কেটটিতে মোট ৫৬টি দোকান রয়েছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় দীর্ঘদিনের নানা জটিলতার অবসান ঘটবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

/এসআর/