শিরোনাম

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলো ১১ জেলে

বাগেরহাট সংবাদদাতা
মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলো ১১ জেলে
সুন্দরবন এলাকার নদী। ছবি: সংবাদদাতা

সুন্দরবনে ১১ জেলে বনদস্যুদের কাছে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় রবিবার (১০ মে) থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানা গেছে।

দস্যুদের কাছে জিম্মি থাকা জেলেরা হলেন- শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের ইয়াসিন হাওলাদার, রুবেল হাওলাদার, আলমগীর ফরাজী, বাদল হাওলাদার ,সজিব হাওলাদার, হাফিজুল, ছগির, পাথরঘাটা এলাকার রুবেল, খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র, রাকিব ও লুৎফর হাওলাদার।

বনদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়া জেলে রুবেল হাওলাদার বলেন, আমিসহ আরও ১০ জেলেকে ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ দাবি করে আমাদের শিকল দিয়ে বেঁধে রাখে। পরে ৫ মে জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে শরিফ বাহিনীর গোলাগুলি হয়। শরিফ বাহিনীর সঙ্গে পেরে না উঠে জাহাঙ্গীর বাহিনী সরে যায়। পরে শরীফ বাহিনী আমাদের জিম্মি করে সুন্দরবনের অন্য একটি অজ্ঞাত জায়গায় আটকে রাখে। ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে শরীফ বাহিনী ১১ জেলেকে শুক্রবার ভোর রাতে ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নৌকায় করে ছেড়ে দেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, শুনেছি, সুন্দরবনে দস্যু বাহিনীকে মুক্তিপণ দিয়ে ১১ জেলে ফিরেছে। কিন্তু কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/