শিরোনাম

নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক নিহত

বাগেরহাট সংবাদদাতা
নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক নিহত
নিহত ওসমান সরদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ওসমান সরদার নামে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই এনামুল কবির সরদার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ওসমান সরদার জেলার সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিমের সমর্থক ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার গণমাধ্যমকে বলেন, ‘ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়া প্রতীকের লোকজন ‘কই গেল’ বলে খুঁজছিল। এ সময় আমার ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা। পরে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় পাঠান। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, লোক মুখে ওসমান সরদারের মৃত্যুর খবর শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এএইচ সেলিম। তারা দুজনেই পরাজিত হয়েছেন এবং জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ নির্বাচিত হন।

/এসআর/