শিরোনাম

ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী।

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে তাদের ধরা হয়।

সোমবার (২২ জুন) সকাল ছয়টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলো– মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল সাতমসজিদ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের সক্রিয় ১০ কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছবিসংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/