শিরোনাম

রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর প্রস্তুতি
ছবি: বাসস

মেট্রোরেলের চলাচল রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই ট্রেনের মাঝে সময়ের ব্যবধানও কমিয়ে আনা হবে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময়ে মেট্রোরেল চালানোর লক্ষ্য কর্তৃপক্ষের।

ডিএমটিসিএল সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল এখন রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়। সেটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। সময় বাড়ানোর পর সেটি রাত ১১টা পর্যন্ত চলবে।

বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে।

চলাচলের সময় বাড়ানো হলে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান কমবে। এখন ছুটির বাদে সপ্তাহের অন্যান্য দিনে ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের পার্থক্য ৫ মিনিট। নতুন সূচি কার্যকর হলে পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যে ব্যবধান কমে সাড়ে ৪ মিনিট করা হবে।

উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ৬টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ে চালালে এবং ট্রিপের সংখ্যা বাড়ালে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক ব্যবহার করা হবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

/এফসি/