শিরোনাম

রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের ঢল
ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে যাত্রীদের ভিড়।

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লঞ্চ ও রেল স্টেশনের মতো বাস টার্মিনালগুলোতেও নেমেছে ঘরমুখো মানুষের ঢল।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কল্যানপুরের প্রতিটি বাস কাউন্টারের সামনে যাত্রীদের উপস্থিতি রয়েছে। কেউ কাউন্টারের ভেতরে বাসের জন্য অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বাইরে বসে অপেক্ষা করছেন। এদিকে, মহাখালীর বাস টার্মিনালেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ ও বাসে ওঠার অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

ময়মনসিংহগামী যাত্রী আব্দুর কাদের বলেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি।বাসের সংখ্যা তুলনামূলক কম। শিশুদের নিয়ে অপেক্ষা করতে কষ্ট হচ্ছে। যেহেতু আজ ঈদের আগের দিন, তাই কষ্ট কিছুটা করতেই হবে সেটা মেনেই নিয়েছি।

নওগাঁগামী আরেক যাত্রী বলেন, শেষ মুহূর্তে চাপ বেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে তো যেতেই হবে।

এদিকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী বেশ কয়েকটি বাসে কাউন্টারের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

যাত্রীরা বলেন, স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে ঈদযাত্রাকে কেন্দ্র করে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগের দিন হওয়ায় টার্মিনালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। দুপুরের ঘরমুখো মানুষের সংখ্যা আরও বাড়বে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তারা বলেন, এখন পর্যন্ত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাই নি। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য টার্মিনালে পুলিশ কন্ট্রোল রুম আছে। যদি কোনো কাউন্টার বেশি ভাড়া নিয়ে থাকে, তাহলে সেখানে অভিযোগ দেওয়া যাবে।

/এসবি/