বৃষ্টিতে জলাবদ্ধতা, ঢাকার সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে জলাবদ্ধতা, ঢাকার সড়কে তীব্র যানজট

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সূত্রাপুর, কাগজীটোলা, বংশাল, পল্টন, কাকরাইল, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল কার্যত স্থবির হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

সড়কে ও গলিতে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসী।

অনেক জায়গায় দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
অনেক জায়গায় দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

সূত্রাপুর, বংশাল, গুলিস্তান, কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায়, এখনো সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আছে। কোথাও কোথাও পানির উচ্চতা এতটাই বেশি যে রিকশা ও অন্যান্য যানবাহনের চাকা প্রায় ডুবে যাচ্ছে। ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীকে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নোংরা পানির মধ্যেই অনেক পথচারী বাধ্য হয়ে রাস্তা পারাপার হচ্ছেন।

বিভিন্ন গলিতেই তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
বিভিন্ন গলিতেই তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রিকশা ও ভ্যানচালকেরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারছেন না। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীতে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে।

অন্যদিকে, দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।

সূত্রাপুর এলাকার বাসিন্দা পরীবিবি বলেন, সকালে বাজার করতে বের করতে বের হয়ে। রিকশার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। না পেয়ে বাধ্য হয়ে নোংরা পানির মধ্যে হাঁটতে হচ্ছে।

মতিঝিলের এক চাকরিজীবী বলেন, আমার বাসা পুরান ঢাকার কাগজীটোলায়, বাসা থেকে বের হতেই রাস্তায় পানি। রিকশার জন্য দাঁড়িয়েছিলাম। না পেয়ে নোংরা পানির মধ্যে দিয়ে দীর্ঘ পথ হাঁটতে হলো।

আরেক নারী পথচারী আক্ষেপ নিয়ে বললেন, নেতা যায়, আসে নেতা আসে– টানা বৃষ্টি হলে শহরের এই জলাবদ্ধতা কমে না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত।

নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শান্তিনগর এলাকায় এক যাত্রী বলেন, রাস্তায় পানি থাকায় গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় বসে আছি, তবে যানজট কমেনি।

কাকরাইল মোড়ে দায়িত্ব পালন করা সার্জেন্ট মোহাম্মদ রাসেল বলেন, বৃষ্টির পর জলাবদ্ধতার কারণে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। পানি কমে আসার সঙ্গে সঙ্গে যানজটও কিছুটা কমছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্র্যাফিক পুলিশ কাজ করছে।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমানের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

/এফআর/