বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

অন্যদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে জানান সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন।

/এফআর/