শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফল: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফল: ডিএসসিসি প্রশাসক
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অনেকে মনে করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ কেবল জুলাই মাসের একটি ঘটনা। তবে, বাস্তবে তা নয়। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই পটভূমি তৈরি হয়েছিল।

রবিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

প্রশাসক আব্দুস সালাম বলেন, জুলাইয়ের অভ্যুত্থান না হলে এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব না হলে অনেকের কী হতো, তা বলা কঠিন। তবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অসংখ্য মামলা ছিল এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন।

বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকতে হয়েছে। কিন্তু তারেক রহমান কখনো অধৈর্য হননি কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেননি। তাই দল করতে হলে তার রাজনৈতিক ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের আদর্শ অনুসরণ করতে হবে।

তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন গণতন্ত্রহীন পরিবেশ এবং অর্থনীতির ক্ষয়ক্ষতির মধ্যেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। অতীতে দেশজুড়ে লুটপাটের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাও যুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও তারেক রহমান সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য একের পর এক প্রকল্প গ্রহণ করে তাদের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি দেশ পরিচালনার জন্য সম্প্রতি বাজেটও উপস্থাপন করেছেন।

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে হবে। আগামী পাঁচ বছর সরকার যাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য সবাইকে ধৈর্য ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

সিটি প্রশাসক বলেন, অরাজকতা, বিভেদ ও দলাদলির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের রাজনৈতিক নির্দেশনা ও আদর্শ অনুসরণ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এফআর/