শিরোনাম

রাজধানীর ডেমরায় দুটি বোমা সাদৃশ্য বস্তুসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরায় দুটি বোমা সাদৃশ্য বস্তুসহ যুবক গ্রেপ্তার
(বামে) গ্রেপ্তারকৃত জুয়েল ভুঞা

রাজধানীর ডেমরায় যৌথ অভিযান চালিয়ে দুইটি বোমা সাদৃশ্য বস্তুসহ জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৬ আগস্ট) বিকালে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় এ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃত জুয়েল ভুঞা নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দুইটি বোমা সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।

এ ছাড়াও, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পরবর্তীতে খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে উদ্ধারকৃত আলামতসহ ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/