মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
হিরাঝিল হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

লেবেলবিহীন ঘি তৈরি ও বাজারজাত এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, রাজধানীর বাণিজ্যিক এলাকা ২২ মতিঝিলে অবস্থিত ‘হিরাঝিল হোটেল’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতসেঁতে। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র রাখা ছিল।

অভিযানে লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও খাবার তৈরিতে ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। পাশাপাশি খাদ্যকর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করা পানির পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের কথা স্বীকারও করেন হোটেল কর্তৃপক্ষ।

পরে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী হিরাঝিল হোটেলকে তিনি লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, ঢাকা মহানগর নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল আদালতকে সহায়তা করে।

/এফআর/