শিরোনাম

পিংক বাস যাত্রী শূন্য, লোকাল বাসে জায়গা মেলে না নারীদের

মো. ইমরান হোসেন
মো. ইমরান হোসেন
পিংক বাস যাত্রী শূন্য, লোকাল বাসে জায়গা মেলে না নারীদের
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক রঙের বাস প্রথম দিনে ছিল যাত্রীশূন্য। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক রঙের বাস নিয়ে আগ্রহ তৈরি হলেও বাস্তবে সড়কে এর উপস্থিতি খুবই কম। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পিংক বাসের দেখা মেলেনি। একই সময়ে লোকাল বাসগুলোতে নারীদের ভিড় ও আসন সংকট ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর পল্টন, কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাবে, মতিঝিল, শাহবাগ, সাইন্সল্যাব, বাংলামোটর ঘুরেও গোলাপি বাসের দেখা মেলেনি।

দুপুর দুইটায় রাজধানীর কারওয়ানবাজারে পিংক রঙের বাস চোখে পড়েনি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
দুপুর দুইটায় রাজধানীর কারওয়ানবাজারে পিংক রঙের বাস চোখে পড়েনি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

তবে শাহবাগের ফুল বিক্রেতা জানালেন, সকাল নয়টার সময় মতিঝিল থেকে মিরপুর রুটের পিংক বাস শাহবাগে আসলে দেখলাম, পিংক রঙের গাড়িতে মাত্র দুজন নারী যাত্রী। পরে শাহবাগ থেকে আরেকজন শিক্ষার্থী উঠলে তিনজন যাত্রী নিয়েই বাসটি চলে যায়।

অন্যদিকে ভিন্ন চিত্র দেখা যায় শহরের লোকাল পরিবহন গুলোতে। সকাল সাড়ে এগারোটায় বাংলামোটর এলাকায় লোকাল পরিবহনে ওঠার জন্য দুজন মহিলা যাত্রী সিট না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন।

তাদেরই একজন শিমু, যিনি মাকে নিয়ে শাহবাগ থেকে ফার্মগেট চক্ষু হসপিটালে যাবেন। তিনি বলেন, আমরা গাড়িতে ওঠার চেষ্টা করেও মহিলাদের জন্য লোকাল বাসে নির্ধারিত সিট না থাকায় আমাদেরকে উঠতে দেয়নি। তাই এখানে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

লোকাল বাসে সিট না পেয়ে দুইজন মহিলাকে গাড়ি থেকে নামতে হলো। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
লোকাল বাসে সিট না পেয়ে দুইজন মহিলাকে গাড়ি থেকে নামতে হলো। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জেসমিন, যিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, বাস করেন মিরপুরে। তিনি জানান, সকালে মিরপুর থেকে ফার্মগেট, কারওয়ানবাজার হয়ে বাংলামোটর অফিসে আসেন। আসার পথে তিনিও মনে মনে চেয়েছিলেন পিংক রঙের বাসে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত এই গাড়ির দেখা মেলেনি। বাসায় ফেরার পথে চোখে পড়লে সুযোগ হলে গাড়িতে উঠবো।

ইশরাত জাহান নামের এক মেডিক্যাল শিক্ষার্থী বলেন, গতকাল খবরে দেখলাম, সরকার মহিলাদের জন্য পিংক কালারের গাড়ি রাস্তায় নামিয়েছে। আমার বাসা আজিমপুরে। সকালে বের হয়ে ফার্মগেট গিয়েছি। কিন্তু একবারে জন্যও আমি মহিলাদের জন্য যে বাস চালু করা হয়েছে তা দেখিনি। সকালে বাসা থেকে বের হয়ে ভেবেছি চলতি পথে এই গাড়ি দেখলে উঠবো। আগামীতে ওঠার অপেক্ষায় রইলাম।

শ্যামলি নামের সেন্ট্রাল ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থী বলেন, আমার বাসা বাড্ডাতে। সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হয়ে প্রতিদিনের মতো আজও বাসে সিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আধ ঘণ্টার মতো দাঁড়িয়ে থেকে একটা বাস পেলাম। তবে সকাল থেকে আমি গোলাপি রঙের কোনো বাস দেখিনি। পেলে বাসে উঠতাম। কারণ গতকাল সোশ্যাল মিডিয়া পিংক কালারের বাস নিয়ে প্রচুর হৈচৈ দেখেছিলাম।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বলেন, সকালে আমি মতিঝিল থেকে পিংক বাসে ক্যাম্পাসে এসেছিলাম। তখন বাসে যাত্রীসংখ্যা নগণ্য ছিল। সামনে আরও বাড়তে পারে। সরকারের এই উদ্যোগটা কার্যকর। আমাদের (নারী) বাসে চলাচলের সময় প্রায় ভোগান্তি পোহাতে হয়। এটা চালু হলে আমাদের জন্য উপকার হবে।

/এমআর/