শিরোনাম

ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানির অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানির অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন নিয়ে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) ডিএসসিসির অঞ্চল-৪ এর কর কর্মকর্তা মোহা. আবু নাসের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত মোস্তফা নূরউদ্দিন আহমেদ ডিএসসিসির অঞ্চল-৪ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার।

ডিএসসিসি জানায়, ১৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা এবং ডিসিসিআইয়ের নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত একটি রাজস্ব ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদ বেশকিছু সংখ্যক ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ গ্রহণ করেন। কিন্তু অর্থবছর শেষ হলেও দেড় মাসের বেশি সময় পরও আদায়ভুক্ত ট্রেড লাইসেন্সগুলো নবায়ন করেননি।

এতে ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অফিসে একাধিকবার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে মোস্তফা নূরউদ্দিন আহমেদের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি আজ দেবেন, কাল দেবেন বলে টালবাহানা ও সময়ক্ষেপণ করেছেন বলে অভিযোগ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আলী ভুট্টোকে অভিযোগের বিষয়ে অবহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক মোস্তফা নূরউদ্দিন আহমেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

/এফআর/